
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আজ শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটানো জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
ম্যারাথনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। এতে ১০ ও ২১ কিলোমিটার—দুই ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১৮ জনের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীসহ অন্যরা।
বাংলাদেশ সময়: ১৬:৫৩:১৬ ২ বার পঠিত #ক্যাফে হাট ম্যারাথন #ধনবাড়ী ম্যারাথন ২০২৬ #ফকির মাহবুব আনাম