একক করদায় বৃদ্ধি না করে করনেট সম্প্রসারণ করা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

প্রথম পাতা » অর্থনীতি » একক করদায় বৃদ্ধি না করে করনেট সম্প্রসারণ করা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান
বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪



একক করদায় বৃদ্ধি না করে করনেট সম্প্রসারণ করা হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

করদায় যাতে একক ব্যক্তির উপর না বর্তায় সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করনেট সম্প্রসারনের কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, গত ৪ বছরের আয়কর রিটার্ন দাখিলের পরিসংখ্যান দেখলে করনেট বৃদ্ধির প্রমাণ পাওয়া যাবে। এনবিআরের সময়োপযোগী পদক্ষেপের কারণে ২০২৪ সালে আয়কর রিটার্ন দাখিল হয়েছে প্রায় ৩৭ লাখ,যা ২০২০ সালে ছিল ২১ লাখ এবং ২০২৪-এ ভ্যাট রিটার্ন পাওয়া গেছে ৫ লাখ, ২০২০ সালে যা ছিল মাত্র ২ লাখ।
বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
সিসিসিআই প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের সহসভাপতি জহিরুল ইসলাম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, চট্টগ্রাম ফ্রেশ ফ্রুটস ভেজিট্যাবলস এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির অংশ হিসেবে হাই ভ্যালুএডেড পণ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার আইসিটি, উন্নত প্রযুক্তি, পণ্য ও সেবা খাতকে প্রাধান্য দিয়ে বিশেষ প্রণোদনা দেয়ার চেষ্টা করছে। বিলাসবহুল পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে এবং দেশে ওইসব পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য বড় বড় ভারী শিল্পগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে।
স্বাগত বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ট্যাক্স টু জিডিপির রেশিও বাড়ানো প্রয়োজন, তবে দ্রুত বাড়াতে গিয়ে রাজস্ব নীতি কঠোরভাবে প্রয়োগ করার আগে বর্তমান সংকটময় অর্থনীতির প্রেক্ষাপটে বেসরকারি খাতের ব্যবসায়ীরা এর চাপ নিতে সক্ষম এবং প্রস্তুত কিনা তা বিবেচনায় নিতে হবে। নির্দিষ্ট কর প্রদানকারীর উপর করের বোঝা না বাড়িয়ে বরং করদাতার সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য একটি যথার্থ পরিকল্পনা গ্রহণের আহবান জানান তিনি।
আয়কর আইন ২০২৩ যুগান্তরকারী পদক্ষেপ উল্লেখ করে চেম্বারের সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে সরকারি নীতি প্রণয়ন এবং জনস্বার্থে নিবেদিত চেম্বার বা বাণিজ্য সংগঠন, দেশীয় ট্রাস্ট বা ফাউন্ডেশন প্রতিষ্ঠানগুলোকে কর অব্যাহতি দেয়ার সুপারিশ করেন। এছাড়া রপ্তানি নিরবচ্ছিন্ন করতে বন্দরে কাস্টমস’র এক্সপোর্ট স্ক্যানিং মেশিন সংযোজন এবং অফডকগুলোতেও স্ক্যানিং মেশিন স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায়ীরা এইচএস কোড জটিলতা নিরসন, আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মানদন্ড অনুযায়ী পণ্য মূল্যের কাস্টমস ভেল্যুয়েশন ও এসেসমেন্ট নিশ্চিত করা, ছোটখাট ও অনিচ্ছাকৃত ভুলত্রুটির কারণে ২০০ থেকে ৪০০ শতাংশ কাস্টমস জরিমানা আরোপ না করা, আগাম করের ক্ষেত্রে দ্রুত রিফান্ড, অডিট সহজীকরণ, সর্বোচ্চ ভ্যাট হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা, ভ্যাটের প্রথম আপীলের ক্ষেত্রেও দাবীকৃত করের উপর ২০ শতাংশ টাকা জমা দেয়ার নিয়ম প্রত্যাহার করার সুপারিশ করেন। এছাড়া তাঁরা চট্টগ্রাম কাস্টমস’র জনবল ও ল্যাব এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৩২   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ