ন্যায়বিচার জনগণের অধিকার, রাষ্ট্রীয় অনুগ্রহ নয়: প্রধান বিচারপতি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ন্যায়বিচার জনগণের অধিকার, রাষ্ট্রীয় অনুগ্রহ নয়: প্রধান বিচারপতি
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫



ন্যায়বিচার জনগণের অধিকার, রাষ্ট্রীয় অনুগ্রহ নয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ন্যায়বিচার পাওয়া জনগণের অধিকার। এটি রাষ্ট্রীয় অনুগ্রহ নয়। বিচার বিভাগের কাজ হলো এসব বিষয়ে মানুষের আস্থা অর্জন করা।

বৃহস্পতিবার বরিশাল নগরীতে একটি হোটেলের সভাকক্ষে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতাবিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে এ সেমিনার হয়।

প্রধান বিচারপতি বলেন, মামলাজট কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট এবং বিচারকদের সক্ষমতা বাড়ানো জরুরি। আঞ্চলিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও কার্যকর হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিষয়ে আইন মন্ত্রণালয় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছে। বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের ভূমিকা তুলে ধরার পাশাপাশি প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কার বাস্তবায়নের অগ্রগতির চিত্র সেমিনারে উপস্থাপন করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নরওয়ের রাষ্ট্রদূত হাকন আর্লড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। স্বাগত বক্তৃতা করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।

এ সময় ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক আমিরুল ইসলাম, বরিশালের জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসাইনসহ বরিশাল বিভাগের ছয় জেলার বিচারকরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান বিচারপতির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বরিশাল জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:০৬   ৬৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ