আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে (শুক্রবার) বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, মহান মে দিবস আমাদের আন্দোলন-সংগ্রাম, ঐক্য ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার প্রতীক।

তিনি বলেন, শ্রমজীবী মানুষই উৎপাদক শ্রেণি। সমাজের যা কিছু সৃষ্টি ও উন্নয়ন— সবকিছুই তাদের শ্রমের ফল। তাই তারা সহানুভূতির নয়, সম্মানের পাত্র।

নজরুল ইসলাম খান বলেন, মে দিবস ১০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের মহানগর ও জেলার নেতারা অংশ নেবেন। এছাড়া দেশের সব পর্যায়ের শ্রমিক দল— মহানগর, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি নিজ নিজ এলাকায় সভা-সমাবেশ ও র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলের নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রত্যাশা করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের মজুরি, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করা এখনো গুরুত্বপূর্ণ দাবি হিসেবে রয়েছে।

তিনি উল্লেখ করেন, কৃষি শ্রমিক ও প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ সরকারের অনেকগুলো উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এছাড়া শ্রম আইনের সংশোধন শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও আরও সংশোধনের প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

তিনি বলেন, সাংবাদিকরাও শ্রমজীবী মানুষের অংশ এবং তারা দেশের সবচেয়ে সচেতন জনগোষ্ঠী। শ্রমজীবী মানুষের সমস্যা, প্রত্যাশা ও বাস্তবতা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নজরুল ইসলাম খান মহান মে দিবসকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৫৭   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
শান্ত-মুস্তাফিজ নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বকশীগঞ্জে কিশোরী হত্যা মামলায় ৩ কিশোরের ১০ বছর করে কারাদণ্ড
আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
​সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা,সন্তানকে বটি দিয়ে হত্যার হুমকি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ