![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলা হলরুমে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান-এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাছ চাষী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রতিপাদ্য “মা ইলিশ রক্ষা করি, ইলিশের বংশবৃদ্ধি করি” বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার এবং জাটকা সংরক্ষণে জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং জনসচেতনতার মাধ্যমেই জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করা সম্ভব। তারা মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৪৩ ৩৫ বার পঠিত