![]()
কালকিনি ও ডাসার প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে কালকিনি উপজেলা পুকুরের দক্ষিণ পাড়ে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন।
জাতীয় পর্যায়ের এই মেগা প্রকল্পের আওতায় প্রতি বছর দেশজুড়ে গড়ে ৫ কোটি চারা রোপণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে নির্দিষ্ট প্রকল্পের আওতায় প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৫ কোটি টাকা।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, “জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে সরকারের এই উদ্যোগকে সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার ও উপজেলা বন কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিআরডিপির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, পৌর ছাত্রদল নেতা হাসান হাওলাদার এবং বাগান মালী সিরাজ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা উপজেলার সর্বস্তরের জনগণকে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছের চারা রোপণ করার এবং তা পরিচর্যা করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:২২:০৪ ৪৮ বার পঠিত