আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

জয় দিয়ে ২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার (১৯ আগস্ট) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফির ম্যাচে সৌদি আরবের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে কাতালানরা। ২৯তম মিনিটে তরুণ স্ট্রাইকার হামজা আব্দেলকারিমের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে আসা সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে ঠান্ডা মাথার শটে বল জালে পাঠান মিশরীয় এই ফরোয়ার্ড।

গত জানুয়ারিতে আল আহলি থেকেই ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন হামজা। ক্লাবটির যুব দলের হয়ে ১১ ম্যাচে ৬ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। পরে চুক্তির শর্ত কাজে লাগিয়ে ১৮ বছর বয়সী এই তারকাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় কাতালান ক্লাবটি।

সাবেক দলের বিপক্ষে গোল করলেও উল্লাসে মাতেননি হামজা আব্দেলকারিম। বরং হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন এই তরুণ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষদিকে ডি-বক্সে রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া।

বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে মাঠে নামে আল আহলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আক্রমণ থেকে মিশরীয় উইঙ্গার জিজো দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান। ফলে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি সৌদি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে পুরো একাদশে পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এতে কাতালানদের খেলায় কিছুটা গতি কমে যায়। ম্যাচের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড থেকে নতুন যোগ দেওয়া ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ডি-বক্সে ফাউলের শিকার হলে আরও একটি পেনাল্টি পায় বার্সেলোনা। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং নিজেদের ঐতিহ্যবাহী জুয়ান গাম্প্যার ট্রফি ঘরে তোলে।

আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুমে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১:৩৩:৪০   ৯৫ বার পঠিত  







খেলাধুলা’র আরও খবর


জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান
৪৩ ম্যাচ পর ইংল্যান্ডের কাছে থামল স্পেনের জয়রথ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ