বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
শনিবার, ৩ অক্টোবর ২০২৬



বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

গবেষণার জন্য বয়স, দামি যন্ত্রপাতি বা বড় ল্যাবরেটরির প্রয়োজন নেই উল্লেখ করে মানুষের দৈনন্দিন ও বাস্তব সমস্যা সমাধানে গবেষণাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে স্বেচ্ছাসেবী গবেষণা প্রতিষ্ঠান ‘চিন্তার চাষ’ আয়োজিত ‘খুদে গবেষক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সপ্তম থেকে দশম শ্রেণির ৩১৮ জন শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেয়, যেখানে ১২৮টি গবেষণাপত্র, ধারণাপত্র ও পোস্টার উপস্থাপন করা হয়।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘নিজের চারপাশের সমস্যা চিহ্নিত করে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তা সমাধানের চেষ্টা থেকেই গবেষণার শুরু হতে পারে। গবেষণা শুধু বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হবে- এমন ধারণা ঠিক নয়।’

সম্মেলনে উপস্থাপিত কাজের প্রশংসা করে তিনি বলেন, খুদে গবেষকেরা শিক্ষা, বিজ্ঞান, পরিবেশ, কম্পিউটার বিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ নানা বিষয়ে চারপাশের সমস্যা এবং সেগুলো সমাধানের ক্ষেত্রে নিজেদের চিন্তাশক্তি ও হাতের কাছের উপকরণ ব্যবহার করেছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, গবেষকেরা দেশের সুনির্দিষ্ট ও বাস্তব সমস্যা চিহ্নিত করে তা সমাধানের প্রকল্প প্রস্তাব করলে ইউজিসি অর্থায়নের বিষয় বিবেচনা করবে। একই সাথে গবেষণার মাধ্যমে বাস্তবে সমস্যার সমাধান হচ্ছে কি না, তাও গুরুত্ব দিয়ে দেখা হবে।

যানজট, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও লবণাক্ততার মতো জাতীয় সমস্যা সমাধানে ভবিষ্যতের বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই খুদে গবেষকদের মধ্য থেকেই আগামী দিনের সফল বিজ্ঞানী তৈরি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের পরিকল্পনা সম্পাদক আসজাদুল কিবরিয়া।

‘চিন্তার চাষ’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও খুদে গবেষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৩৪   ১১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ