
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা ও জরিমানা আদায়ের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযান পরিচালনাকালে লাইসেন্সবিহীন গাড়ি চালানো, মেয়াদোত্তীর্ণ ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করায় ৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২২,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে জামালপুর শহরের ফৌজদারি মোড়, জেলা থানা এলাকা, ঈদগাহ মাঠ এবং ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে গড়ে ওঠা অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ফুটপাত দখলের দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, শহরের ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনগণের ভোগান্তি কমাতে বিআরটিএ ও পুলিশের সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৪৪:২৪ ৩ বার পঠিত