
পরিচালক ম্যাট রিভস পারিবারিক কারণে ব্যক্তিগত বিরতি নেওয়ায় ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করেছে ওয়ার্নার ব্রোস ও ডিসি স্টুডিওস। হলিউডের বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিক্যুয়েলে মূল চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন।
তবে পরিচালকের বিরতির কারণে ছবিটির মুক্তি আরো বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ডিসি স্টুডিওসের এক প্রতিনিধি বিবৃতিতে জানিয়েছেন, ম্যাট রিভসের এই ব্যক্তিগত সময়ে স্টুডিও তার পাশে রয়েছে এবং দ্রুতই সিনেমার কাজ পুনরায় শুরু করার জন্য তারা অপেক্ষায় আছে।
২০২২ সালের মার্চে ম্যাট রিভসের পরিচালনায় প্রথম ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পায়। এর সাফল্য দেখে সিক্যুয়েল তৈরির ঘোষণা দেওয়া হলেও ছবিটি বারবার পিছিয়েছে।
প্রথমে এটি ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তির কথা ছিল, যা পরে পিছিয়ে ২০২৭ সালের অক্টোবরে এবং সর্বশেষ ২০২৮ সালের ফেব্রুয়ারিতে নির্ধারণ করা হয়।
সিক্যুয়েল নির্মাণে দীর্ঘ বিরতি প্রসঙ্গে ডিসি স্টুডিওসের প্রধান জেমস গান জানান, বড় বাজেটের সিনেমার সিক্যুয়েলের মাঝে ৪-৫ বছর বা তার বেশি সময় লাগা অস্বাভাবিক কিছু নয়। তিনি ‘এলিয়েন’, ‘অ্যাভাটার’ ও ‘টপ গান’-এর উদাহরণ দিয়ে বলেন, ভালো মানের কাজের জন্য বিরতি সাধারণ বিষয়।
এই সিনেমায় প্যাটিনসনের পাশাপাশি স্কারলেট জোহানসন, কলিন ফ্যারেল, সেবাস্টিয়ান স্ট্যান, অ্যান্ডি সার্কিস ও জেফরি রাইট অভিনয় করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্যাটিনসন জানান, এই সিক্যুয়েলটি প্রথম ছবিটির চেয়ে সম্পূর্ণ আলাদা ও অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একটি কাজ হতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:০৮:৪৬ ৪ বার পঠিত