
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রধানমন্ত্রীর একটি ঐতিহাসিক উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। বর্তমানে এটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মাহদী আমিন লেখেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়।
সেই কালজয়ী ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল পাঠানো হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও লেখেন, বিএনপি সরকারের লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কারণ, একজন কর্মীর বিদেশযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত স্বপ্নের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনজনদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা। তাঁদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে সমৃদ্ধ হয় দেশ, বদলে যায় লাখো পরিবারের জীবন এবং শক্তিশালী হয় বাংলাদেশের অর্থনীতি।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শহীদ জিয়ার সূচিত পথ, দেশনেত্রীর প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং গণমানুষের নেতার নেতৃত্বে এই অগ্রযাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনবান্ধব সরকারের দৃঢ় প্রত্যয় হলো, বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫২ ৫ বার পঠিত #তারেক রহমান #বিনা খরচে বিদেশে কর্মসংস্থান #মালয়েশিয়ায় কর্মী প্রেরণ #মাহদী আমিন