
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতায় উৎসাহিত করতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি তারা সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি।
শিশুদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জানতে চান, সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না।
পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়েও শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৫ ৩ বার পঠিত #তারেক রহমান #ব্যাডমিন্টন সামগ্রী #শিশু-কিশোরদের সহযোগিতা