
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। সম্মেলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১টি গুরুত্বপূর্ণ সড়কে এক হাজার ৩০০টি সিসিটিভি ক্যামেরা প্রস্তুত রাখা হয়েছে।
একই সঙ্গে সম্ভাব্য বিক্ষোভ, ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা এবং যানজট মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন (বিএমএ)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় ব্যাংককের লুমফিনি পার্কের লুমফিনি রিক্রিয়েশন সেন্টারে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান ব্যাংককের গভর্নরের উপদেষ্টা পুলিশ জেনারেল আদিসর্ন ঙামজিতসুকস্রি।
তিনি জানান, সম্মেলন শুরুর আগেই পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের জন্য বিশেষ কমান্ড সেন্টার গঠন করা হয়েছে। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্টের নির্দেশনায় নিরাপত্তার পাশাপাশি বৃষ্টিপাত ও জলাবদ্ধতার পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিক্ষোভ মোকাবেলায় প্রস্তুতি
সম্মেলনস্থল কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারকে ঘিরে আগামী ১৫ ও ১৬ অক্টোবর বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ আয়োজনের জন্য ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের কাছে কোনো আনুষ্ঠানিক অনুমতির আবেদন জমা পড়েনি।
আদিসর্ন জানান, সাধারণত জনসমাবেশের জন্য ছয়টি স্থান নির্ধারণ করে দেয় বিএমএ। বিক্ষোভকারীরা তাদের বক্তব্য তুলে ধরতে চাইলে সিটি হলের সামনের ‘লান খন মুয়াং’ চত্বর ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে।
তবে বিক্ষোভকারীরা সরাসরি মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের কাছেও অনুমতি চাইতে পারেন।
সম্মেলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুকুমভিত সড়কের আশপাশের ছোট সড়কগুলোতেও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। কোনো গোষ্ঠী যাতে সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর হামলা চালাতে বা তাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ। সম্ভাব্য বিক্ষোভের কারণে প্রভাবিত হতে পারে এমন কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখার পরিকল্পনার কথাও জানিয়েছে লুমফিনি পুলিশ স্টেশন।
বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতা ঠেকাতে প্রস্তুতি
সম্মেলন চলাকালে বৃষ্টিপাতের ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন।
এ পরিস্থিতিতে জলাবদ্ধতা মোকাবেলায় পানি নিষ্কাশনব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। খলং সেন সেপ এলাকায় পানি ধরে রাখার ব্যবস্থা এবং রামা ফোর সড়ক থেকে চাও ফ্রায়া নদী পর্যন্ত পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
আদিসর্ন বলেন, স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ জন্য পানি নিষ্কাশন পাম্প ও পাম্পিং স্টেশনগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
যানজট এড়াতে বিকল্প পথ
সম্মেলনে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ২১টি সড়কে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প সড়ক ও পথ পরিবর্তনের বিষয়ে পুলিশ নিয়মিত জনসাধারণকে অবহিত করবে।
ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন, স্থানীয় পুলিশ, পৌর কর্মকর্তা এবং ওয়াত্থানা, খলং তোয়েই ও পাথুম ওয়ান জেলার প্রশাসনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হবে।
১২ থেকে ১৮ অক্টোবর কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন। থাইল্যান্ডের আয়োজনে এ সম্মেলনে বিশ্বের ১৯০টি দেশ থেকে ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন নির্বিঘ্ন করতে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যানবাহন চলাচল ও বন্যা-জলাবদ্ধতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সমন্বিত প্রস্তুতি নিয়েছে ব্যাংকক কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩:৫১:৩০ ১০ বার পঠিত