![]()
জেলার পাঁচবিবি উপজেলায় সীমান্তবর্তী একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আজ শুক্রবার ভোরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে জানতে পারেন।
এরপর বিজিবির দুটি টহল দল ওই এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশে সেগুলো পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল।
লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:২৩:২৮ ৭ বার পঠিত