
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় নদীতে টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫) ও একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নৌ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল বলে জানা গেছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গোপন তথ্য ও টহলের ভিত্তিতে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩২:০৬ ৫ বার পঠিত #অবৈধ বালু উত্তোলন #মতলব উত্তর #মেঘনা নদী #মোহনপুর নৌ পুলিশ