
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) লড়াই জমে উঠেছে রোমাঞ্চের চূড়ায়। প্রথম লেগে ৫-৪ গোলের অবিশ্বাস্য জয়ের সুবাদে এগিয়ে আছে পিএসজি।
হাইস্কোরিং এই ম্যাচটি ইউরোপিয়ান কাপের ইতিহাসে সেমিফাইনালের অন্যতম রোমাঞ্চকর লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। ১৯৫৯-৬০ মৌসুমে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্সের ম্যাচের পর এটিই সবচেয়ে বেশি গোলের সেমিফাইনাল।
ফুটবল ভক্তদের আশা দ্বিতীয় লেগেও আক্রমণাত্মক ফুটবলের ঝড় দেখা যাবে বায়ার্নের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায়। দুই দলের কোচই ইঙ্গিত দিয়েছেন, তারা নিজেদের কৌশল বদলাবেন না।
নির্ধারিত সময়ের মধ্যেই ফাইনালে উঠতে হলে বায়ার্নকে জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে আজকের ম্যাচ অন্তত ড্র করলেই পিএসজি টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে পৌঁছে যাবে।
তবে ফরাসি জায়ান্টরা জানে, সামান্য ভুলও তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। এদিকে প্যারিসিয়ানদের জন্য বড় দুঃসংবাদ— ইনজুরির কারণে আজ মাঠে নামতে পারবেন না বিশ্বসেরা রাইট-ব্যাক আশরাফ হাকিমি।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম লেগে পিছিয়ে থেকে ১৬ বারের মধ্যে ৪ বার ঘুরে দাঁড়িয়েছে বায়ার্ন। তবে সেমিফাইনালে এখনো তারা এমন কীর্তি গড়তে পারেনি।
এ মৌসুমে দুই দলই দুর্দান্ত আক্রমণভাগের শক্তি প্রদর্শন করছে। পিএসজি করেছে ৪৩ গোল, বায়ার্নের গোল ৪২টি। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে কোন দলের সর্বোচ্চ গোলের রেকর্ড ৪৫টি।
পিএসজির আক্রমণে বড় ভরসা খভিচা কাভারেস্খেইয়া। চলতি আসরে ১০ গোল ও ৫ অ্যাসিস্ট মিলিয়ে ১৫ গোলের সঙ্গে যুক্ত তিনি।
এটি প্যারিসের ক্লাবটির হয়ে এক মৌসুমে রেকর্ড। নকআউট পর্বে তিনি নজর কেড়েছেন ৭ গোল করে।
তরুণ তারকা দেজিরে দুয়েও উজ্জ্বল। ২১ বছর পূর্ণ হওয়ার আগেই নকআউট পর্বে ১০টির বেশি গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন তিনি।
অন্যদিকে বায়ার্নের আক্রমণের কেন্দ্রবিন্দু হ্যারি কেইন। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৩ গোল করেছেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
ইতিহাসের দিকে তাকালে, বায়ার্ন ১২তমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠতে চায়। অন্যদিকে পিএসজি জিতলে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার নজির গড়বে দলটি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে বায়ার্নেরই আধিপত্য বেশি। ১৬ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে জার্মান ক্লাবটি। তবে প্রথম লেগের জয়ে টুর্নামেন্টে বাভারিয়ানদের বিপক্ষে টানা পাঁচ ম্যাচের হার কাটিয়েছে পিএসজি।
অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস বলছে, দ্বিতীয় লেগে জয়ের সম্ভাবনা বেশি বায়ার্নের (৫২.৭ শতাংশ)। তবে অপটা বলছে সামগ্রিকভাবে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে পিএসজি (৫৭.৮ শতাংশ)।
ম্যাচটি সরাসরি টিভিতে দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া সনি লিভ এপে সরাসরি মোবাইল থেকে চ্যাম্পিয়নস লিগের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৬:২১:০২ ৭ বার পঠিত