হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

প্রথম পাতা » খেলাধুলা » হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগ্রেসরা। এই ম্যাচ দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামল বাংলাদেশ।

ব্রিসবেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। গোল্ডেন ডাক মারেন ওপেনার ফারজানা হক। ৪ রানের বেশি করতে পারেনি আরেক ওপেনার শারমিন সুলতানা।

১১ রানে ২ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা। ৩২ বলে ২২ রান যোগ করেন তারা। এর মধ্যে জুটিতে ১৯ রানই ছিল শারমিনের। ৫টি চারে ২৪ রানে আউট হন তিনি।

পাঁচ নম্বরে নেমে ২ রানের বেশি করতে পারেননি সোবহানা মোস্তারি।

টেস্ট মেজাজে খেলে ২৯ রানে আউট হন নিগার। ৯৯ মিনিট ক্রিজে থেকে ৮৬ বল খেলে ৩টি চার মারেন তিনি।

দলীয় ৮৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে নিগার ফেরার পর স্বর্ণা আক্তারকে নিয়ে ২০ এবং রাবেয়া খানের সঙ্গে ১৯ রানের জুটি গড়েন রিতু মনি। স্বর্ণা ২১ ও রাবেয়া ১১ রানে আউট হন। এতে ১২২ রানে সপ্তম উইকেট হারিয়ে দেড়শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

তবে অষ্টম উইকেটে নাহিদা আক্তার ও রিতুর ৩৭ রানের জুটিতে ১৫৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ। রিতু রান আউট হওয়ার পর বেশি দূর যেতে পারেনি টাইগ্রেসরা। ৪৯ দশমিক ৪ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

৫ বাউন্ডারিতে ৪৫ রান করেন রিতু। ১৯ রানে অপরাজিত থাকেন নাহিদা।

অস্ট্রেলিয়ার পেসার অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রানে ৪ উইকেট নেন।

জবাবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ ওভারে অসি ওপেনার জর্জিয়া ভোলকে ১৯ রানে আউট করেন বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া পেসার হাবিবা ইসলাম।

দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটিতে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেন ফোবি লিচফিল্ড ও এলিসা পেরি। ১০টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৭৭ রান করা লিচফিল্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন লেগ স্পিনার রাবেয়া খান।

চার নম্বরে নামা বেথ মুনিকে ১৩ রানে নিজের দ্বিতীয় শিকার বানান হাবিবা। ১৩৪ রানে তৃতীয় উইকেট পতনের পর ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন পেরি ও সাদারল্যান্ড।

পেরি ২৬ ও সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থাকেন। বল হাতে বাংলাদেশের হাবিবা ৩৬ রানে ২টি ও রাবেয়া ৩২ রানে ১ উইকেট নেন। ম্যাচসেরা হন সাদারল্যান্ড।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৪   ৪ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ