কালাইয়ে চাহিদার এক-তৃতীয়াংশও মিলছে না বিদ্যুৎ, দিশাহারা জনজীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালাইয়ে চাহিদার এক-তৃতীয়াংশও মিলছে না বিদ্যুৎ, দিশাহারা জনজীবন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



কালাইয়ে চাহিদার এক-তৃতীয়াংশও মিলছে না বিদ্যুৎ, দিশাহারা জনজীবন

জয়পুরহাটের কালাই উপজেলায় বৈশাখের তীব্র তাপপ্রবাহের সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ লোডশেডিং। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ এক-তৃতীয়াংশেরও কম হওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। দিনে-রাতে মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ; ব্যাহত হচ্ছে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্র।

কালাই জোনাল পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, উপজেলায় দৈনিক প্রায় ২৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে মাত্র ৭ মেগাওয়াট।
ফলে প্রায় ১৭ দশমিক ৫ মেগাওয়াট ঘাটতি থাকায় অধিকাংশ সময়ই বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে এলাকাবাসীকে। পিক আওয়ারে চাহিদা ২৬ মেগাওয়াটে পৌঁছালেও সরবরাহ নেমে আসে প্রায় ১৩ মেগাওয়াটে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এই সংকটের কারণে ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১৫ থেকে ১৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আটটি ফিডারে পর্যায়ক্রমে লোডশেডিংয়ের পরিকল্পনা থাকলেও বাস্তবে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থীরা। তীব্র গরম ও বিদ্যুতের ঘাটতির কারণে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। কালাই পৌর এলাকার পরীক্ষার্থী রাকিবুল হাসান জানায়, রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ঠিকমতো ঘুমানো যায় না, ফলে পরীক্ষার হলে গিয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অপর শিক্ষার্থী মাহমুদা শেলী জানায়, দিনে গরমে পড়তে পারে না, রাতে বিদ্যুৎ থাকে না—এভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষার্থীদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে। তারা পরীক্ষার সময় অন্তত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গৃহস্থালিতেও ভোগান্তি চরমে পৌঁছেছে। এক গৃহিণী পারুল আক্তার বলেন, সারাদিনে বহুবার বিদ্যুৎ চলে যায়, একবার গেলে দেড়-দুই ঘণ্টা পর ফিরে আসে। এতে ছোট শিশুদের কষ্ট বাড়ছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। অটোরিকশাচালকরা জানান, বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চার্জ দিতে না পারায় তাদের আয় কমে গেছে। চালক লিটন মিয়া বলেন, “চার্জ না থাকলে গাড়ি চালাতে পারি না, এতে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।”

কৃষিখাতেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিদ্যুৎনির্ভর গভীর নলকূপে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো ধানের উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় নলকূপ মালিক হেলাল উদ্দিন প্রামাণিক জানান, তার নলকূপের আওতায় থাকা প্রায় ২৯০ বিঘা জমিতে সঠিকভাবে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ অঞ্চলের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম আরো ভ্যাপসা অনুভূত হচ্ছে, যা মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে কালাই জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জোবায়ের আলী বসুনিয়া বলেন, জ্বালানি সংকটের কারণে জাতীয় গ্রিড থেকেই পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। ফলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পেয়ে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা অনিশ্চিত বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:১১   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত যুবক গ্রেফতার
ফরিদপুরে গার্ডেনার্স এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ