
খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান, পেশা ও অর্থনৈতিক বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খেলোয়াড় তৈরি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি সমৃদ্ধ ‘স্পোর্টস ইকোনমি’ গড়ে তুলে দেশের লাখো তরুণের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চায় সরকার।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার পাশাপাশি তরুণদের মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘শুধু লেখাপড়া করলেই একজন পূর্ণাঙ্গ নাগরিক তৈরি হয় না। সংস্কৃতি, ক্রীড়া ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডকে একই সঙ্গে এগিয়ে নিতে হবে। খেলাধুলার মধ্যে যেমন বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে, তেমনি এর মাধ্যমে তরুণদের বিভিন্ন সামাজিক আসক্তি ও অবক্ষয় থেকেও দূরে রাখা সম্ভব।
তিনি বলেন, খেলাধুলার অবকাঠামো, প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ বাড়ানোর মাধ্যমে ক্রীড়া খাতকে আরো সম্প্রসারিত করা প্রয়োজন। এর ফলে তরুণদের জন্য খেলোয়াড় হওয়ার পাশাপাশি প্রশিক্ষক, সংগঠক ও ক্রীড়া-সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্টে চট্টগ্রামের ৪৮টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, তরুণদের ক্ষতিকর অভ্যাস ও মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই এ বড় পরিসরের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মশিউল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:২৩:২৬ ৭ বার পঠিত