
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র সৌদি আরবের জেদ্দায় ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’।
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (EPB) আর্থিক সহায়তা, বাণিজ্য মন্ত্রণালয় এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের সার্বিক সহযোগিতায় এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই মর্যাদাপূর্ণ এক্সপোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেদ্দা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান জনাব ইমাদ মোহাম্মদ আল আবউদ। এরপর জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি ফেডারেশন অব চেম্বারের সদস্য ও সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার জনাব ওসামা কোউকানদি যৌথভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন।
পিরামিডস গ্রুপ-এর আয়োজনে অনুষ্ঠিত এবারের এক্সপোতে বিশ্বের ২৫টিরও অধিক দেশের প্রায় ১০,০০০ বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতা অংশ নিচ্ছেন। মেলায় ৫৫০টিরও বেশি সুসজ্জিত বুথে বিশ্বখ্যাত কোম্পানিগুলো তাদের সর্বাধুনিক গার্মেন্টস, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীর মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির নিখুঁত সমন্বয়, যার মাধ্যমে বৈশ্বিক বাজারে পণ্যগুলোকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে উপস্থাপন করা হচ্ছে।
এবারের মেলায় বাংলাদেশ থেকে অত্যন্ত সম্ভাবনাময় ১১টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ হলো:
জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া এপারেলস লিমিটেড, এম এস এএইচ কিউ অ্যাপপেরেলস, মডেস্ট আট্য্যায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন, আল নূর গার্মেন্টস লিমিটেড।
এছাড়া ভিন্ন একটি বুথে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্য, মানসম্মত উৎপাদন এবং রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের তথ্যসমৃদ্ধ আকর্ষণীয় চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। প্যাভিলিয়নে প্রদর্শিত এসব তথ্যচিত্র মেলায় আগত আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।
সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ফ্যাশন ও টেক্সটাইল খাতের পণ্যের বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা সংযোগ তৈরিতে এই মেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২০:২৬:১৬ ২০ বার পঠিত