মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬



মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, শুধু বিদেশগামী কর্মীর সংখ্যা বাড়ালেই হবে না, অবশ্যই দক্ষ কর্মী পাঠাতে হবে। দক্ষ কর্মী পাঠাতে না পারলে লাখ লাখ কর্মী বিদেশে পাঠিয়েও দেশের প্রকৃত লাভ হবে না।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।

প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসা কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে চিকিৎসা কেন্দ্রের স্থান নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিমানবন্দরে প্রবাসীদের যাতায়াত ও অবস্থানগত সুবিধার বিষয়ে মন্ত্রী বলেন, সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে অনেক সময় প্রবাসী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিমানবন্দর শহর থেকে দূরে হওয়ায় তাদের থাকা-খাওয়ার সমস্যাও বাড়ে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা যেকোনো পরিস্থিতিতে সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন।

পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৩   ৬৫ বার পঠিত  







চট্টগ্রাম’র আরও খবর


‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ