গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

প্রথম পাতা » চট্টগ্রাম » গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়, বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী কাজ বাড়াতে হবে।

তিনি বলেন, ‘যত অবকাঠামোগত উন্নয়ন কিংবা যত ধরনের সুযোগ-সুবিধা আমরা বৃদ্ধি করি না কেন, যতক্ষণ না পর্যন্ত গবেষণাধর্মী কাজগুলো আরো সমৃদ্ধ ও বিস্তৃত না হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে হীরকজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই ৬০ বছর শুধু সময়ের হিসাব নয়; এটি জ্ঞান, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনের একটি দীর্ঘ পদযাত্রা।’

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকারের অন্যতম পরিকল্পনা হলো গবেষণাধর্মী কাজ বাড়িয়ে দেশের বিদ্যমান শিল্পখাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ স্থাপন করা। এর ফলে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি দক্ষ জনবল তৈরি হবে, যারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সংশ্লিষ্ট খাতকেও সমৃদ্ধ করবে এবং অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অবকাঠামো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য টিএসসি নির্মাণের অনুমোদন হয়েছে। আরেকটি হল নির্মাণের বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়িত হবে বলে আশাবাদী।

হাটহাজারী আসনের সংসদ সদস্য হিসেবে নিজের অবস্থান তুলে ধরে মীর হেলাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি আমার সংসদীয় আসনের অংশ হওয়ায় আমি গর্বিত। আমার বাবা-মা দু’জনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাই এর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রয়োজন হলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে একযোগে কাজ করে বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জ্ঞান অর্জন সহজ করার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:২০:৪৮   ৮ বার পঠিত   #







চট্টগ্রাম’র আরও খবর


গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ