
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২৪ সালের ১২ আগস্টসহ একাধিকবার তাকে ধর্ষণ করেন তিনি।
পরবর্তী সময়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। একপর্যায়ে গর্ভপাতের মাধ্যমে একটি মৃত ছেলে সন্তানের জন্ম হয়।
এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১১ এপ্রিল জাহিদুল ইসলাম এবং তার বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, গ্রেপ্তারের পর আসামি জাহিদুল ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচার চলাকালে বাদীসহ মোট ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন।
এদিকে আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই।
বাংলাদেশ সময়: ১৪:০৮:২৩ ৬ বার পঠিত