বিএনপির সুর নরম হয়ে গেছে, নির্বাচন বিরোধিতা ভোটের প্রচারণায় ভেসে গেছে - তথ্যমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির সুর নরম হয়ে গেছে, নির্বাচন বিরোধিতা ভোটের প্রচারণায় ভেসে গেছে - তথ্যমন্ত্রী
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



বিএনপির সুর নরম হয়ে গেছে, নির্বাচন বিরোধিতা ভোটের প্রচারণায় ভেসে গেছে - তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, সমগ্র দেশে নির্বাচনের জোয়ার তৈরি হয়েছে, এতে বিএনপির সুর নরম হয়ে গেছে। বিএনপির নির্বাচন বিরোধিতা সারা দেশে ভোটের প্রচারণায় পদ্মা, যমুনা ও কর্ণফুলী নদীতে ভেসে গেছে। এখন বিএনপির সমর্থকরাও এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য বসে আছে। তিনি বলেন, বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, ‘আমরা আর নির্বাচনবিরোধী প্রচারণা করছি না, প্রতিহত করার কথাও বলছি না। এখন আমরা নির্বাচন বয়কট করার কথা বলছি।’ এতে বোঝা যায়, এখন তাদের সুর নরম হয়ে গেছে।

আজ মন্ত্রী তার নির্বাচনি এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের কুদ্দুছ মার্কেট চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। শিলক, সরফভাটা, ও কোদালা ইউনিয়ন আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করে।

হাছান মাহ্‌মুদ বলেন, বিএনপি আগে বলেছিল নির্বাচন প্রতিহত করা হবে। সেই উদ্দেশ্যে তারা মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, ঘুমন্ত মানুষকে, ট্রাক ড্রাইভার ও হেল্পারকে মেরেছে। ঘুমন্ত অবস্থায় মা এবং শিশু সন্তানকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অঙ্গার করে দিয়েছে। এসব করে তারা দেখতে পেলো, এতে তাদের কোনো লাভ হয়নি, মানুষ ভয় পায়নি। মানুষ নির্বাচনি জোয়ারে শামিল হয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচন আমাদের দেশে এখন উৎসব, সেই উৎসবে মানুষ মেতে উঠেছে। সেই উৎসবের জোয়ারে বিএনপির সুর নরম হয়ে গেছে। তাই এখন তারা বলছে, আমরা নির্বাচন প্রতিহত নয়, নির্বাচন বয়কট করার কথা বলছি। তারা এতদিন পর বুঝতে পেরেছে মানুষ তাদের ডাকে এখন আর সাড়া দেয় না। পরিস্থিতিটা এমন যে বিএনপি আর কয়দিন পরে বলবে নির্বাচনে আমাদের সমর্থকরা অংশগ্রহণ করলেও অসুবিধা নেই। তারা যাই করুক না কেন, মাঠ পর্যায়ে কিন্তু বিএনপির সমর্থকরা নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে।

সম্প্রচারমন্ত্রী ড. হাছান বলেন, বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা তাদের নেতারাই দিচ্ছে, কিন্তু তাদের প্রান্তিক পর্যায়ের কর্মী এবং সমর্থকরা এটাকে সমর্থন করে না। এই জনসভাতেও অনেক বিএনপি সমর্থকরা হাজির হয়েছে, যারা নৌকা প্রতীকে ভোট দেবেন। স্থানীয় বিএনপি নেতারাও এই জনসভায় বক্তব্য দিয়েছে, কারণ তারা বাস্তবতা বুঝতে পেরেছে। রাঙ্গুনিয়ায় এবারের নির্বাচনে যেই উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তা অভাবনীয়। প্রতিটি জনসভা-মিছিলে লোক সমাগম গতবারের চেয়ে বেশি। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের উপকার করার ক্ষেত্রে এবং দেশের উন্নয়ন করার ক্ষেত্রে কখনো আওয়ামী লীগ-বিএনপি পার্থক্য করেননি। সেটিই আমরা তার কাছ থেকে শিখতে পাই। রাঙ্গুনিয়ায়ও আমার উন্নয়ন কার্যক্রমে কে কোন দল বা মতের সেটা কখনো বিবেচনায় আনিনি।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার কামাল চৌধুরীর সভাপতিত্বে কাউছার নূর লিটন ও মাহমুদুল হাসান বাদশার সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, নজরুল ইসলাম তালুকদার, আব্দুল মোনাফ সিকদার, সাবেক চেয়ারম্যান নুরুল আজিম, এম এ মান্নান চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী আইয়ুব খান, মুজিবুল ইসলাম সরফি, জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদূর রউফ মাস্টার, মাস্টার আবুল হাশেম বিএসসি, বদিউল আলম, মোঃ ইসহাক, আনোয়ার তালুকদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০০:২৫   ৩৭০ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ